পৃথিবীতে যত মতবাদ বা ইজম আছে, সবগুলো মতবাদই কমবেশি মানুষকে ভাগ করে বিভিন্ন উপাদানের ভিত্তিতে (ভাষা, বর্ণ, গোত্র, ধর্ম ইত্যাদি)। একমাত্র সুফিজম বা সুফিবাদ-ই মানুষকে অখণ্ডতার কথা বলে, ঐক্যের কথা বলে, অভেদের কথা বলে। সুফিবাদের মৌলিক শিক্ষা হলো, হৃদয়ে প্রেম ধারণ করো। তারপর তুমি নিজেই হয়ে যাও প্রেম। যেমন সুফিদের সম্রাট মাওলানা রুমী (রহ.) বলেন, 'you are the soul of the soul of the universe, and your name is love' তুমি হলে বিশ্ব ব্রহ্মাণ্ডের আত্মারও আত্মা, আর তোমার নাম হলো প্রেম।
সুতরাং আপনি নিজে যখন উপলব্ধি করবেন যে, আপনি স্বয়ং প্রেম, তখন আপনার না থাকবে কারো প্রতি ঘৃণা, কিংবা হিংসা, অথবা অভিমান, বা ভয়। তখন আপনি পৃথিবীর সব মানুষকে অনায়াসে ভালোবাসতে পারবেন। পৃথিবীর সব মানুষ মিলে এক অখণ্ড জাতি, এই বোধ আপনার মাঝে জাগ্রত করে সুফিবাদ।
জীবনের দুঃখের মৌলিক কারণ হলো, দুনিয়ার প্রতি লালসা বা বস্তুমোহ। সুফিবাদের অন্যতম শিক্ষা হলো, মন হতে সকল বস্তুমোহ দূর করে অসীম ও অখণ্ড আনন্দে হারিয়ে যাওয়া।
কোরআনে আল্লাহ বলছেন, সেই ব্যক্তিই সফল, যে
তার আত্মাকে (জীবাত্মাকে) পবিত্র করলো। সুফিরাও তাই বলেন, নিজেকে শুদ্ধ করো। কেননা, হাশরের মাঠে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী নেক বা পুণ্য হবে, সচ্চরিত্র।
এই গ্রন্থটির মাধ্যমে গুরুজী তৌসিফ হোসাইন সুফিবাদের এই মৌলিক শিক্ষাগুলোই সমাজে ছড়িয়ে দেবার প্রয়াস পেয়েছেন। গুরুজীর সান্নিধ্য হতে সুফিজমের যে সৌরভ পেয়েছি, শিখেছি, জেনেছি এবং নিজেকে শাণিত করেছি, আশা করছি এই গ্রন্থটি পাঠের মাধ্যমে পাঠকগণও সেই অপূর্ব সৌরভ দ্বারা মোহিত হবেন।
-নাবিলা মুসাররাত
