অনুবাদকের আরজبسم الله الرحمن الرحيمআলহামদু লিল্লাহ। মহান রাব্বুল আলামীনের দরবারে হাজারো শোকর আদায় করছি, যার অশেষ দয়া ও করুণার ফলশ্রুতি স্বরূপ হযরত বড়পীর আবদুল কাদের জিলানী (রহ.) এর ধর্মোপদেশ সম্বলিত আল ফাহুর রাব্বানী ওয়া আল ফায়জুর রাহমানী নামক বিশ্ব বিখ্যাত কিতাবখানির পূর্ণাঙ্গ, বাংলা অনুবাদ সহৃদয় পাটক ও পাঠিকাদের পুতঃ করপল্লবে তুলে দিতে সক্ষম হয়েছি। মূল আরবী কিতাবখানির যে সংস্করণটির অনুসরণ আমরা করেছি, তা একযোগে বাগদাদের প্রকাশনা সংস্থা ‘মাকতাবাতুল শারফিল জাদীদ' এবং বৈরুতের প্রকাশনা সংস্থা 'দারুল উলুমিল হাদীছা' হতে ১৯৮২ সালে প্রকাশিত হয়েছে। মূল আরবী কিতাবটি গদ্য সাহিত্যের এক মূল্যবান সম্পদ। উহার ওজস্বিনী ভাষা, বর্ণনা বিন্যাস ও সাবলিল গতিময়তাকে সঠিকভাবে বাংলায় উপস্থাপন করার পথকে সহজতর করার লক্ষ্যে আমরা উহার উর্দু অনুবাদের সহায়তা গ্রহণ করেছি। উর্দু অনুবাদটি ‘খোতবাতে গাউছু আজম' নামে উপস্থাপন করেছেন সাইয়্যেদ আহমাদ হাসান নাফভী সাহেব, যা ভারতের হায়দারাবাদ হতে ‘হুসসামী বুক ডিপো' কর্তৃক প্রকাশিত হয়েছে। একই সাথে আমরা রশীদ বুক হাউস কর্তৃক প্রকাশিত এই কিতাবের বাংল সংস্করণটির যাবতীয় অসঙ্গতি, ত্রুটি ও গরমিলসমূহ দূর করে মূল কিতাবের ধারাবাহিকতার সাথে মিলিয়ে নতুন আঙ্গিকে বিন্যস্ত করেছি। সুতরাং বর্তমান এই বাংলা অনুবাদটিকে মূল কিতাবের হুবহু বাংলা রূপ বলা যেতে পারে বলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আল্লাহ পাক আমাদের এই খেদমত কবুল ও মঞ্জুর করুন। আমিন!!আধ্যাত্ম সাধনার মহান সম্রাট গাউছুল আযম হযরত বড়পীর আবদুল কাদির জিলানী (রহ.) এর পুত জীবনাদর্শ আল্লাহ প্রেমিকদের রূহানী
সাধনার একচ্ছত্র সম্রাটরূপে চিরকাল বরিত হতে থাকবে এতে সন্দেহের অবকাশ নেই । সম্রাটসুলভ গৌরব ও মর্যাদা, সম্মান ও প্রতিপত্তি, ঐশ্বর্য ও মহিমা, উন্নতি ও উৎকর্ষ তাঁর জীবনালেখ্যের প্রতিটি পরতে পরতে বিকশিত হয়ে রয়েছে। স্রষ্টা ও সৃষ্টি, খালেক ও মাখলুক, প্রতিপালক ও প্রতিপালিতের মধ্যে অদৃশ্যভাবে যে সেতুবন্ধন অহরহ কাজ করে চলেছে, উহার প্রত্যক্ষ যোগসূত্র সংস্থাপনে যিনি অবিস্মরণীয় স্বাক্ষর রেখে গিয়েছেন, তাঁর অমৃত বাণী সুধাপানে কে না আকুল হয়? হযরত বড়পীর (রহ.) রূহানী জিন্দেগীর যে মৌল যোগসূত্রের সন্ধান প্রদান করেছেন, তা জাতি-ধর্ম নির্বিশেষে প্রত্যেক মানুষকে হোদয়েতের পথ প্রদর্শন করবে।আরবী ভাষায় বহুল প্রচলিত একটি প্রবাদ বাক্য এই যে, 'কালামূল মালিকি মালিকুল কালাম' অর্থাৎ সম্রাটের কথা, কথাসমূহের সমাট। হযরত বড়পীর আবদুল কাদের জিলানী (রহ.) এর মুখনিঃসৃত ধর্মীয় উপদেশগুলিকেও এই নিক্তি দ্বারা ওজন করলে এমনই পাওয়া যাবে, উহাতে মোটেই সন্দেহ নাই। তিনি চেয়েছিলেন আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশ নিষেধ ও সর্বোত্তম আদর্শকে অবলম্বন করে প্রত্যেক মুসলমান তাদের ঈমান ও আমলকে পাকা পোক্ত করুক এবং হুব্বুল্লাহ ও হুব্বুর রাসূলের অথৈ সাগরে অবগাহন করে আল্লাহ তাআলার কুরবৎ ও নৈকট্য হাসিল করুক এবং আল্লাহর দীদার লাভে সৌভাগ্যশালী হোক । এই লক্ষ্য এবং উদ্দেশ্য সম্মুখে রেখেই তিনি আমরণ দাওয়াত ও তাবলীগের কাজ আঞ্জাম দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে ‘আলা ইল্লিয়্যিনে' অধিষ্ঠিত করুন। আমিন !বিনীতআলহাজ্ব মাওলানা এ, কে, এম, ফজলুর রহমান মুনশী ইনকিলাব ভবন, ২/১ আর কে মিশন রোড, ঢাকা
